ইউক্রেনের রাজধানীতে ঢুকে পড়েছে রুশ সেনা

Spread the love

নাগরিক ডেস্ক:
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা কিয়েভের পার্লামেন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরের শহর ওবোলনে ঢুকে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা টুইটে এ খবর জানান। খবর বিবিসির।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই টুইটে রুশ সেনাদের শত্রু হিসেবে উল্লেখ করে তাদের ঠেকাতে মলোতভ ককটেল তৈরির জন্য কিয়েভের বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে। তাদের নিরাপদে থাকতে বলা হচ্ছে। টুইটে বলা হয়, ‘বাসিন্দারা, সতর্ক হোন। বাড়ি থেকে বের হবেন না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওবোলন শহরে রাশিয়ার সাঁজোয়া যান চলছে। টুইটারে এমন একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে বিবিসি।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম দেনিসেনকো রয়টার্সকে বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৩৩টি বেসামরিক জায়গায় হামলা চালিয়েছে।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাজধানী কিয়েভের উপকণ্ঠে দিমার ও ইভানকিভ এলাকায় সংঘর্ষ চলছে। ওই এলাকায় রাশিয়ার বেশ কিছু সাঁজোয়া যান ঢুকে পড়েছে।

ইউক্রেন সেনাবাহিনী এর আগে ফেসবুক পেজের পোস্টে বলেছে, কিয়েভের উত্তর– পশ্চিমে রুশ সেনাদের প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার সেনাবাহিনী যাতে কিয়েভের দিকে আর এগোতে না পারে সে জন্য তেতেরিভ নদীর সীমান্তবর্তী একটি সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সেনারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *