‘আঘাত আসলে পাল্টা আঘাত দেওয়া হবে, আমি সহ্য করার লোক না’-পংকজ দেবনাথ এমপি

Spread the love

নাগরিক রিপোর্ট : ‘বলে দিয়েছি রামদা লইয়া ওপেন সুড করতে, যে সামনে পড়বে হ্যারেই কোপাইবো’- বরিশাল- ৪ মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের আওয়ামীলীগ দলীয় সাংসদ পংকজ দেবনাথের এমন কথপোকথনের কল রেকর্ড ভাইরাল হওয়ায় বরিশালের রাজনীতিতে তোলপাড় চলছে। ঠিক এমন সময়ে আবারও রক্তাক্ত ঘটনা ঘটলো মেহেন্দিগঞ্জে। বুধবার সন্ধ্যায় ভাসানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি সদস্য শামিম খান তার ভগ্নিপতি স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসির খানকে নির্মমভাবে কুপিয়েছে প্রতিপক্ষরা। শামিম খানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বুধবার রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তারা স্থানীয় আওয়ামীলীগে এমপি বিরোধী গ্রুপের সঙ্গে যুক্ত।

এদিকে পংকজ দেবনাথ এমপি বৃহস্পতিবার মেহেন্দিগঞ্জে ফিরে সাংবাদিকদের বলেছেন, আঘাত আসলে পাল্টা আঘাত দেওয়া হবে, আমি সহ্য করার লোক না’। তিনি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহমেদ বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেনের কঠোর সমালোচনা করে বলেছেন, মুনসুর-আফজালের চৌদ্দগোষ্ঠী বিএনপি-জামাত। ইউনুসের ঘরে আর কেউ আওয়ামীলীগ করে কি-না জানিনা’। এমপির অভিযোগ- ওই তিন নেতা মেহেন্দিগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিনত করেছে।

বুধবার সন্ধ্যায় হামলার শিকার শামিম খানের ভাই রাকিব খান জানান, শামিম খান ও তার ভগ্নিপতি নাসির খান বুধবার সন্ধ্যায় ভাসানচর লঞ্চঘাট থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। স্থানীয় আলম বেপারীর দোকানের আড়ালে আগে থেকে অবস্থান নেয়া সন্ত্রাসী আনিছ কুইট্রাল, মন্টু ফকির, রহিম ফকির, করিম ফকিরসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে শামীম ও নাসিরকে নির্মমভাবে কুপিয়েছে। রাকিব খান বৃহস্পতিবার দুপুরে জানান, তার ভাই-ভগ্নিপতি ভাসানচর লঞ্চঘাটের ইজারাদর। ভাই শামীমের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা হৃদরোগ হাসপাতালে নেয়া হয়েছে।

ভাসানচর ইউনিয়ন চেয়াারম্যান চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু জানান, হামলাকারীরা আগে বিএনপি করতো। এখন এমপি পংকজ দেবনাথের গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে। চেয়ারম্যানের দাবী, রাজনৈতিক বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শামিম ও নাসির খানকে হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবাইর বলেন, ভাসানচর লঞ্চঘাটে দখল নিয়ে বিরেধের জেরে শামিম খান ও নাসির খানকে ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষর কুপিয়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি। ওসি বলেন, হামলাকারীরা আত্মগোপন করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে এমপি পংকজ নাথের আগমনে বৃহস্পতিবার তার সমর্থকরা মেহেন্দিগঞ্জ পৌর শহরে শোডাউন করেছে। তারা ভাইরাল হওয়া কল রেকর্ড ষড়যন্ত্র দাবী করে মোটরসাইকেল বহর নিয়ে প্রতিবাদ মিছিল করেছেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল এমপি পংকজ দেবনাথ বিরোধী গ্রুপের পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাতুল চৌধুরীকে নির্মমভাবে কুপিয়ে দুইহাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। সন্ধার পর পৌর শহরের চরহোগলা এলাকায় এ ঘটে। ঘটনার পর এমপি বিরোধী এবং এমপি অনুসারী আওয়ামীলীগ নেতাকর্মীরা হামলা-পাল্টা হামলার প্রস্ততি নেয়। তখন রাত ৮টার দিকে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও পংকজ দেবনাথের মোবাইল ফোনে কথপোকথন গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *