নাগরিক রিপোর্ট:
বরিশাল সিটিকরপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত বলেন, শিক্ষা মানুষকে উন্নত মানুষে পরিণত করে, আর জ্ঞান তাদেরকে সমৃদ্ধ করে। মুক্তজ্ঞান চর্চার রাজ্য হলো বিশ^বিদ্যালয়। বিশ^বিদ্যালয় ছাড়া জ্ঞানে পরিপূর্ণতা পাওয়া সম্ভব নয়। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনে সচেষ্ঠ হতে হবে। মৌলিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
শনিবার বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত হয়েছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়র সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবক লুনা আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এসময় ববি উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, নতুন শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে আত্মনিয়োগের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের প্রচেষ্টায় একদিন বরিশাল বিশ^বিদ্যালয় হবে দক্ষিণবাংলার ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। তোমরাই দেবে বদলে যাওয়া বাংলাদেশের নেতৃত্ব।
বরিশাল বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের রিফাত হোসেন এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সামিহা নাছরিন। এছাড়াও ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.