নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে সোমবার ভোর রাতে মো: সানাউল্লাহ(৪০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সানাউল্লাহ শনিবার বালুবাহী কার্গোর ধাক্কায় ট্রলারডুবিতে নিখোজ হন। নিহত সানাউল্লাহ মুলাদী সদর ইউনিয়নের ভাঙার মোনা এলাকার মোবারক আলী সিকদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাতে জব্দ করা জাল ছাঢ়িয়ে আনতে ট্রলারে ৬ জেলে নৌ পুলিশ ফাড়িতে যায়। রাত ১০টার দিকে সেখান থেকে ফেরার পথে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর গ্রাম সংলগ্ন আড়িয়াল খা নদে বালুবাহী কার্গোর সাথে ট্রলারের ধাক্কা লাগে। এতে ৬জন জেলেই নদীতে পরে যায়। এর মধ্যে একজন নিখোজ ছিল।
নৌ-পুলিশের নাজিরপুর ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, সোমবার ভোর রাতে স্থানীয়রা জালালপুর গ্রাম সংলগ্ন আড়িয়াল খা নদে লাশটি ভাসতে দেখে ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি বলেন, গত শনিবার রাত ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের জালালপুর সংলগ্ন আড়িয়াল খাঁ নদে বালুবাহী একটি কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ৬জন জেলের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠলেও সানাউল্লাহ নিখোঁজ ছিলেন। পরে তার সন্ধ্যানে নদীতে দিনভর অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবরী দল। এ ঘটনায় বালুবাহী কার্গোর ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
২০১৯-০৯-০৯
