নাগরিক রিপাের্ট ॥ বরিশালের গৌরনদীতে অগ্নিকান্ডে দুটি দোকন সম্পূর্ণ ও ২টি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা টরকী বন্দরের সদর রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারনা করছেন।
গৌরনদী ফায়ার ষ্টেশনের ইনচার্জ কাঞ্চন আলী মৃধা জানান, উপজেলা টরকী বন্দরের সদর রোডস্থ রাহাত ষ্টোরের মালিক হায়দার শিকদারের দোকান থেকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ১৫/২০ ফুট উচ্চতায় উঠে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় ফায়ারকর্মীরা ২ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে রাহাত ষ্টোর, বিপ্লব জুয়েলার্স সম্পূর্ণ ও রাখাল ষ্টোর, ঝন্টু ট্রেডার্স আংশিক ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে এবং কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে বলে ইনচার্জ কাঞ্চন আলী জানান।
২০১৯-১১-০৭
