নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর গৃহকর নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে বর্ধিত ভবনের কর নিয়ে অসঙ্গতি দেখা দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বৃহস্পতিবার করপোরেশনের চীফ এসেসর বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার নগরভবনে অনুষ্ঠিত মাসিক সভায় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এমন অভিযোগ আমলে নিয়ে জনদুর্ভোগ রোধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
নগরীর গৃহকর নির্ধারন নিয়ে গত কিছুদিন ধরে নানা অভিযোগ উঠে আসছিল। সম্প্রতি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এক সংবাদ সম্মেলনে বাড়তি গৃহকর নিধারনের অভিযোগ তোলে। কিন্তু নগরভবন থেকে বিষয়টি স্বীকার না করলেও ধীরে ধীরে নগরীর সাধারন মানুষের কাছ থেকে নানা অভিযোগ উঠে এসেছে। গত বৃহস্পতিবার করপোরেশনের মাসিক সভায় এ বিষয়টি উঠে আসায় তা প্রকাশ্য রুপ নিল।
এপ্রসঙ্গে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইসরাইল হোসন বলেন, গৃহকর নির্ধারনে অনিয়ম ধরা পড়ায় বৃহস্পতিবার চীফ এসেসর আ. ন. ম মোশফেক আহসান আজমকে বরখাস্ত করা হয়েছে। মাসিক সভায় গৃহকরসহ যেসব ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন মেয়র।
করপোরেশনের প্যানেল মেয়র মো: রফিকুল ইসলাম বলেন, গৃহকর নির্ধারন কিংবা আদায় এই মুহর্তে স্থগিত রাখা হয়েছে। কর নির্ধারনে জটিলতা হওয়ায় মেয়রকে অবহিত করেছেন।
২০১৯-১১-২৯
