নাগরিক রিপোর্ট: মার্কিনিদের ড্রোন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানির মরদেহ তার দেশে পৌঁছেছে। প্রিয় জেনারেলকে একনজর দেখতে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহবাজের মোল্লাভি স্কয়ারে কালো পোশাক পরিধান করে সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ।
শুক্রবার ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি। রবিবার সকালে ইরানের আহবাজ শহরে পৌঁছায় তার মরদেহ।
ইরানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত এক ফুটেজে দেখা যাচ্ছে, সোলাইমানিকে শেষবারের মতো দেখতে ভিড় জমিয়েছেন লাখ লাখ ইরানি। তাদের প্রায় সবার হাতেই আছে সোলাইমানির ছবি। আর এভাবেই প্রিয় ‘হাজি কাসেমকে’ বিদায় জানাচ্ছেন ইরানের জনগণ।
‘আল-জাজিরা’ জানিয়েছে, ভিড়ে পূর্ণ জনতার মিছিল আহবাজের মোল্লাভি স্কয়ার অভিমুখে গিয়ে সমবেত হচ্ছে। শোকাহত ইরানিদের হাতে আছে সাদা, সবুজ ও শহীদের রক্তের প্রতীক লাল পতাকা। নারী-পুরুষ উভয়ই তাদের বুকে আঘাতের মাধ্যমে চিৎকার করছেন এবং কাঁদছেন। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাদের এই আহাজারি।
২০২০-০১-০৫
